নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর আজিমপুরে আলোচিত ডাকাতি ও আট মাস বয়সী শিশু অপহরণের ঘটনায় নতুন বিতর্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ ও পরবর্তীতে জামিনে মুক্তি পাওয়া ফাতেমা আক্তার শাপলা দাবি করেছেন, তাকে ফাঁসাতেই পরিকল্পিত ভাবে এ অপহরণ নাটক সাজানো হয়েছিল।
তার অভিযোগ, সেলিম নামের এক ব্যক্তি তার কথিত প্রেমিকার সন্তানকে ব্যবহার করে মিথ্যা মামলা ও রাজনৈতিক তকমা লাগিয়ে তাকে সামাজিকভাবে হেনস্থা করেছেন।
ঘটনার নেপথ্যে কীঃ ২০২৪ সালের ১৫ নভেম্বর আজিমপুরের একটি বাসা থেকে আট মাস বয়সী শিশু আরিসা জান্নাত জাইফাকে অপহরণের অভিযোগে র্যাব-১০ মোহাম্মদপুর থেকে ফাতেমা আক্তার শাপলাকে গ্রেপ্তার করে।
সে সময় বিভিন্ন গণমাধ্যমে তাকে ‘আওয়ামী লীগ নেত্রী’ ও ‘অপহরণকারী চক্রের মূলহোতা’ হিসেবে উপস্থাপন করা হয়। পরে আদালতের নির্দেশে রিমান্ড ও কারাভোগ শেষে তিনি জামিনে মুক্ত হন।
ভুক্তভোগী ফাতেমা আক্তার শাপলার বক্তব্য
মুক্তি পাওয়ার পর নিজের অবস্থান পরিষ্কার করে ফাতেমা আক্তার শাপলা জানান, পুরো ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত।
তিনি বলেন, সেলিম তার ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে এবং আমাকে সামাজিক ও আইনগত ভাবে ধ্বংস করতে তার প্রেমিকার সন্তানকে দিয়ে অপহরণের নাটক সাজান। ঘটনার সময় আমাকে ভুল বুঝিয়ে ও ফাঁদে ফেলে ওই বাসায় নেওয়া হয়েছিল।
পরবর্তীতে প্রভাব খাটিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয় এবং গণমাধ্যমে আমাকে রাজনৈতিক পরিচয় দিয়ে অপপ্রচার চালানো হয়, যার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।
তিনি আরও জানান, মিথ্যা অভিযোগে কারাভোগ ও মিডিয়া ট্রায়ালের কারণে তার ও তার পরিবারের অপূরণীয় সামাজিক ক্ষতি হয়েছে। এ বিষয়ে তিনি ন্যায়বিচারের আশায় আদালতের শরণাপন্ন হবেন এবং মানহানি ও মিথ্যা মামলার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
আইনি বিশ্লেষণ ও করণীয়ঃ আইন বিশেষজ্ঞদের মতে, কোনো ফৌজদারি মামলায় যদি প্রমাণিত হয় যে বাদী বা কোনো পক্ষ উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য দিয়ে কাউকে ফাঁসিয়েছেন, তবে বাংলাদেশের প্রচলিত দণ্ডবিধির (Penal Code) ২১১ ধারা অনুযায়ী মিথ্যা মামলা দায়েরের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া, ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রকাশের মাধ্যমে কারও সম্মানহানি করা হলে মানহানি আইনেও প্রতিকার চাওয়া যায়। তবে সবকিছুই আদালতের চূড়ান্ত তদন্ত ও সাক্ষ্য-প্রমাণের ওপর নির্ভরশীল।
আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্যঃ এ বিষয়ে মামলার তদন্ত সংশ্লিষ্ট লালবাগ থানা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রাথমিক অভিযোগ ও আলামতের ভিত্তিতে মামলাটি রুজু করা হয়েছিল এবং আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে আসামি আদালত থেকে জামিন পেয়েছেন। পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন আদালতে।