
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ বিআরটিসির চট্টগ্রাম ট্রাক ডিপোর ম্যানেজার জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রচারিত ভুয়া সনদে চাকরি গ্রহণ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন তিনি।
জামিল হোসেনের পক্ষ থেকে জানানো হয়, একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে তাঁর ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছে।
নিজেদের সাংবাদিক পরিচয়দানকারী কিছু ভুঁইফোড় ব্যক্তি যাচাই-বাছাই ছাড়াই বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন বলেও অভিযোগ করা হয়।
তিনি দাবি করেন, তাঁর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ব্যবহৃত শিক্ষাগত যোগ্যতাসহ সকল কাগজপত্র সম্পূর্ণ বৈধ এবং যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত রয়েছে।
তিনি জানান, তাঁর এসএসসি পরীক্ষার রোল নম্বর ৩৫৭২৮৩, রেজিস্ট্রেশন নম্বর ৪২৯৩৩১ এবং সংশ্লিষ্ট সকল নথি প্রয়োজনে তদন্তকারী সংস্থার কাছে উপস্থাপন করতে তিনি প্রস্তুত।
জামিল হোসেন আরও বলেন, তাঁর বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগগুলো ছড়ানো হচ্ছে, সেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। তিনি বিশ্বাস করেন, একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হলে প্রকৃত সত্য উদঘাটিত হবে এবং তাঁর বিরুদ্ধে প্রচারিত সব অভিযোগ অসত্য প্রমাণিত হবে।
তিনি আরও জানান, তাঁর সম্মানহানি এবং মিথ্যা তথ্য প্রচারের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তি ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে।
যে বা যারা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিভ্রান্তিকর মিথ্যা তথ্য প্রচার করছেন, তাদের আইনের আওতায় আনা হবে বলেও তিনি উল্লেখ করেন।